কুষ্টিয়ার মিরপুরে দুই সাংবাদিকের মটর সাইকেল ডাকাতি মামলার প্রধান আসামী কুখ্যাত ডাকাত সিরাজ মল্লিক (৩৫) কে ১দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিরপুর থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। সে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মল্লিক পাড়ার মৃত হারু মল্লিকের ছেলে।
পুলিশ সূ্ত্রে জানা গেছে, রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসবাদ শেষে আন্ঃজেলা ডাকাতের সম্বনয়কারী সিরাজ গণডাকাতির সব ঘটনা স্বীকার করেছে। তার বক্তব্য অনুযায়ী, নিজ (মিরপুর) উপজেলার ৫জন, দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের ১জন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের ৪জন ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের ১জন সহ মোট ১১ জন ওইরাতে ডাকাতি কাজে অংশ নেয়। এরমধ্যে সড়কে গাছ ফেলে ডাকাতিতে অংশ নেই ৯জন বাকী ২ জন চিথলিয়া ও শিংপুর মোড়ে মোবাইল ফোন নিয়ে সোর্সের কাজে নিয়োজিত ছিল।
সে ঘটনার বর্ণনায় আরো বলে, ১২এপ্রিল রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া-দৌলতপুর সংযোগ সড়কের এনএসবি ইট ভাটার সন্নিকটে প্রথমে মিরপুরগামী একটি ডায়াং মোটরসাইকেলসহ এক আরোহীকে গতিরোধ করে পার্শ্ববর্তী মাঠের মধ্যে বেঁধে রাখি। এর কিছুক্ষণ পরে মিরপুর থেকে চিথলিয়ার দিকে দুটি মোটরসাইকেল আসছে মর্মে সিংপুর মোড়ে অবস্থানরত আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি।
এরপরই রাস্তায় গাছ ফেলে দুটি মোটরসাইকেলসহ ৩জনকে গতিরোধ করে অস্ত্রের মুখে দুটি গাড়ি ও ১টি ল্যাপটপসহ বেশকিছু মালামাল কেড়ে নিয়ে তাদের পার্শ্ববর্তী মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে বেঁধে রাখি। গণডাকাতী মিশনে অংশ নেয়া ১১জনের মধ্যে ৫জন গাড়ি দুটি নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে চলে যায়। তারপর আমরা ৬জন আরো ১টি মাইক্রোবাস ও মোটরসাইকেলের আরোহীর গতিরোধ করে ডাকাতী শেষে ওইস্থান ত্যাগ করি।
ঘটনার পরের দিন ডাকাতি মিশনে অংশ নেয়া মিরপুর থানার চিথলিয়া গ্রামের জিয়ারতের ছেলে ইমারত আলী স্থানীয় থানা পুলিশের হাতে আটক হলে আমরা (সিরাজ) সবাই গা ঢাকা দেই। বিষয়টি নিয়ে আলমডাঙ্গা থানার বড় বোয়ালিয়া গ্রামের শাহা বক্সের ছেলে ডাকাত শিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে আমাকে ডাকাতির ২৫’হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়। যার অংশ মোতাবেক আমি (সিরাজ) সহ ৬জনে ভাগ করে নেই।
প্রকাশ, এবছরের এপ্রিল মাসের ১২ তারিখে ঘটনার রাতে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদী পেশাগত দায়িত্ব পালনে চিথলিয়ায় যাচ্ছিলেন। এ সময় ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে হাত-পা ও চোখ বেঁধে ২টি মোটর সাইকেল, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের আংটি, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়। যার নং-৪, তাং ১৩/০৪/২০১৫, ধারা: ৩৯৫ ও ৩৯৭ এর এজাহারভূক্ত ও দুই জনের ১৬৪ ধারার জবানবন্দির প্রধান আসামী কুখ্যাত ডাকাত সিরাজ মল্লিক। এপর্যন্ত এঘটনায় ১১জনের মধ্যে ৫জন আসামী আটক হয়েছে।