চুয়াডাঙ্গার পাঁচলিয়ায় এনামুল হক (৩) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ইউপি সদস্য নুর ইসলামের ছেলে এনামুল রাত ৭টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। এরপর মধ্যরাতে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পানের বরজের ভেতর থেকে তার গলাকাটা লাশ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
জানা যায়, রাত ৭টার দিকে ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু এনামুলকে তার বাড়ি থেকে ফজলুর রহমানের পান বরজে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই পান বরজে ফজলুর রহমান, তার ছেলে রেজাউল ও জামাই নায়েব আলী শিশু এনামুলকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যা শেষে তারা শিশুর লাশ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ওই রাতে বনিনাথপুর গ্রামে গিয়ে পানবরজ মালিক ফজলুর রহমান, তার ছেলে রেজাউল ও জামাই নায়েব আলীকে আটক করে।
নিহত শিশু এনামূলের পারিবারিক সুত্র জানায়, এনামুলের বাবা নূর ইসলামের সঙ্গে ফজলুর রহমানের পূর্ব শত্রুতা ছিল।