চলতি সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ শুরুর আগে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ এবং ফ্রান্সের প্রতি সংহতি জানাতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা মাঝ মাঠের বৃত্তের মধ্যে দাঁড়াবে। পাশাপাশি চেলসি জানিয়েছে, শনিবার নরউইচ সিটির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন তাদের খেলোয়াড়েরা। নিউক্যাসল ইউনাইটেডও নিজেদের কালো আর্মব্যান্ড পরে লেস্টার সিটির সঙ্গে খেলবে। গত মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ও ফ্রান্সের প্রীতি ম্যাচটিতেও ফরাসিদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।