চান্দিনায় ফেনসিডিলসহ আটক ১

কুমিল্লার চান্দিনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কাদের (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী আব্দুল কাদের বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির (উপ-পরিদর্শক) আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাসে ওই যাত্রীবেশী মাদক ব্যবসায়ীর স্কুলে ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।