স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

বাগেরহাটে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে কাওসার শেখ (৪০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার খলসিখালি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। কাওসার শেখ বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামের এন্তাজ উদ্দিন শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।
 
জানা যায়, গত ১২ নভেম্বর দিবাগত রাতে নিজ বাড়িতে স্ত্রী মিনা বেগমকে (৩৪) যৌতুকের দাবিতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান বাগেরহাট মডেল থানায় কনস্টেবল কাওসারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহামান খাঁন বলেন, 'ওই ঘটনার পর পুলিশ সদস্য কাওসার শেখ কর্মস্থল গোপালগঞ্জে যোগদান না করে আত্মগোপনে যান। তিনি কর্মস্থলে যোগ না দিয়ে গ্রেফতার এড়াতে বার বার তার অবস্থান পরিবর্তনের উদ্দেশ্যে খুলনা, যশোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। এরপর থেকে পুলিশের একাধিক দল তাকে ধরতে অভিযান শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির (মোবাইল কল ট্রাকিং) ব্যবহার করে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে খুলনার কয়রা উপজেলা থেকে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে।'