নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে জেলা সদরের নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার অভয়নগর থানার হরিষপুর এলাকার নূর ইসলাম (৩৫) ও ইমরান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলাধীন ওই মহাসড়কের মালিবাগ মোড়ে কালনা থেকে নড়াইলগামী মালবাহী ট্রাকের সঙ্গে নড়াইল থেকে কালনাগামী ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নূর ইসলাম নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চালক ইমরান মারা যান। গুরুতর আহত হাসান (২২) নামে আরো একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা জেলার অভয়নগর থানার হরিষপুর এলাকার বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।