গোপালগঞ্জে বাস চাপায় মা ও মেয়ে নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাসচাপায় মা ও মেয়েসহ দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের উত্তরপাড়ার দিনমজুর রবিউল শেখের স্ত্রী তাসলিমা বেগম (২০) ও তার মেয়ে খাদিজা (৬ মাস)।
 
টুঙ্গিপাড়া থানার এসআই আজিজুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলাধীন নিলফা মালেকের বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হচ্ছিলেন মা তাসলিমা বেগম ও মেয়ে খাদিজা (৬)। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস এদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা তাসলিমার মৃত্যু হয়। পরে গুরুতর আহত শিশু খাদিজাকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ঘটনায় উত্তেজিত জনতা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে দেয়।