সালাউদ্দিনের দাফন সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা ৪০মিনিটে ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তার দাফন করা হয়। কঠোর পুলিশি প্রহরায় সকাল ৯টা ২০ মিনিটে পৌর এলাকার মধ্যগহিরায় গ্রামের বাড়ি ‘বাইতুল বিল্লালে’র উঠানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুগরী। 
 
এর আগে সকাল ৯টার দিকে কঠোর প্রহরায় মরদেহ সরাসরি বাড়ির উঠানে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার ছেলে হুম্মাম ও স্ত্রী ফরহাত কাদের চৌধুরী তাকে ফের গোসল করাতে চান। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে তা আর হয়নি।  
 
এর আগে সকাল পৌনে ৯টার দিকে বাড়িতে পৌঁছান সালাউদ্দিনের স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। 
 
তবে সকাল ৮টা ১০ মিনিটে বাড়িতে যান সালাউদ্দিনের আরেক ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও তার স্ত্রী দানিয়া খন্দকার। 
 
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি ‘বাইতুল বিল্লাল’ এ পৌঁছায়। উঠানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ভাইয়ের পাশে তাকে দাফন করা হয়েছে।