রিয়ালকে উড়িয়ে দিল বার্সেলোনা

এল ক্লাসিকোর মহারণে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। সুয়ারেজের জোড়া ও নেইমার-ইনিয়েস্তার গোলে পাওয়া দারুণ এই জয়ে লা লিগায় শীর্ষস্থান পোক্ত করলো ক্যাটালান ক্লাবটি।
 
রিয়ালের মাঠে ম্যাচের ১১ মিনিটেই অতিথিদের এগিয়ে দেন সুয়ারেজ। রিয়ালের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের সামনে থেকে ডান দিকে সুয়ারেজকে বল বাড়ান সার্জিও রবার্তো। আর বল পেয়েই ডান পায়ের কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার।
 
২৪ মিনিটে রিয়ালের বক্সের সামনে নেইমারকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন হামেস রদ্রিগেজ। ফ্রি-কিকে দারুণ শটই নিয়েছিলেন নেইমার। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ব্রাজিলিয়ান তারকার শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।
 
৩৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ডান দিক থেকে বক্সের ভেতর লম্বা করে বল বাড়ান রোনালদো। তবে পোস্টের খুব কাছে থেকে শট নিতে ব্যর্থ হন করিম বেনজেমা। উল্টো পরের মিনিটে পাল্টা আক্রমণে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর তাকে গোলে সহায়তা করেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
 
IMGO
 
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্কোরলাইন ৩-০ প্রায় করেই ফেলেছিল বার্সা। মাঝ মাঠে বাঁ দিক থেকে রিয়ালের দুই খেলোয়াড়কে কাটিয়েই বল নিয়ে দৌড় দেন নেইমার। বক্সের ভেতরে গিয়ে দারুণভাবে বলও তৈরি করে দেন। নিচু হওয়া বলেই হেড নিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু একদম গোললাইনের ওপর থেকে হেডে দলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচান মার্সেলো।
 
বিরতির পর শুরুতেই ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হারান ওই মার্সেলোই। বক্সের সামনে বার্সার এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ভেতরে ঢুকেছিলেন তিনি। বাঁ দিক থেকে তার সামনে শুধু ব্রাভো। তবে বল পোস্টের বাইরে দিয়ে মারেন মার্সেলো।
 
IMG1
 
ম্যাচের ৫৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা। তবে এই গোলে দারুণ অবদান ছিল নেইমারের। বক্সের সামনে থেকে ব্যাক হিলে ইনিয়েস্তাকে বল বাড়ান তিনি। আর বল পেয়ে সেখান থেকেই ডান পায়ের জোরালো শটে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন ইনিয়েস্তা।
 
এর কিছুক্ষণ পরে দুই মাস মাঠের বাইরে কাটিয়ে রাকিতিচের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি।
 
IMG2
 
মাঠে নামার নয় মিনিট পরেই গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেন মেসি। বক্সের ভেতর লম্বা করে ক্রস দিয়ে দ্রুত বক্সে ঢুকে যান তিনি। নেইমার ব্যাক হিলে আবার বল দেন মেসিকে। মেসি শটও নিয়েছিলেন, কিন্তু রিয়ালের ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে যায়।
 
৬৯ মিনিটে অসাধারণ একটি সেভ করেন ব্রাভো। দ্রুত গতিতে বল টেনে নিয়ে গিয়ে রোনালদোকে বাড়ান গ্যারেথ বেল। রোনালদোর সামনে ব্রাভো শুধু একাই। ব্রাভোর মাথার ওপর দিয়ে বল জালে জড়াতে চেয়েছিলেন রোনালদো। তবে দুহাত ওপরে তুলে দুর্দান্তভাবে বলটি ঠেকিয়ে দেন ব্রাভো।
 
IMG3
 
এরপর ৭৪ মিনিটে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সুয়ারেজ। জরদি আলবার কাছ থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে গিয়ে নাভাসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন উরুগুইয়ান তারকা।
 
শেষ দিকে ব্রাভো রিয়ালের আরো কয়েকটি আক্রমণ ব্যর্থ করে দেন। ফলে সান্ত্বনাসূচক একটি গোলও করতে পারেনি স্বাগতিকরা। বরং নেইমারকে পেছন থেকে লাথি মেরে লাল কার্ড দেখেন ইসকো।
 
এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করেছে বার্সা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। গোল ডট কম।