নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর বাইপাস সড়কে সেনাবাহিনী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ (১৭) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।  
 
নিহত মো. আব্দুল্লাহ সদর উপজেলার চককামড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়ার উপজেলার তালোড়া বাজারের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
 
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, নওগাঁ বালুডাঙ্গা বাসস্টান্ড থেকে দুপুরে একটি অটোরিকশা (টিএইচ-১১-০১৬৭) বাইপাস সড়ক হয়ে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার বাজারে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে ১৫ বেঙ্গল ব্যাটলিয়নের সেনাবাহিনী মেজর জাহিদুল ইসলামের নেতৃত্বে সেনা বাহিনীর দল শীতকালীন মহড়ার জন্যে জেলার পত্নীতলা উপজেলায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের তুলসীগঙ্গাঁ ব্রিজ সংলগ্ন এনায়েতপুর এলাকায় সেনা বাহিনীর একটি পিকআপ ভ্যানের (৭১৫-০৩-২৫৫২) সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মো. আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। 
 
পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।