কুড়িগ্রাম থেকে রবিবার ভারতে গেল ৭২ জন

 
কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত দাশিয়ার ছড়া ও ছোট গাড়ল ঝড়া ছিট মহলের ভারতীয় নাগরিকদের ট্রাভেল পাস পাওয়াদের মধ্যে প্রথম দফায় ভারতে গেল ১৫ পরিবারের ৭২ জন নারী পুরুষ ও শিশু। রবিবার দুপুর পৌনে দুইটায় ভূরুঙ্গামারী বাগভাণ্ডার ও ভারতের দিনহাটার সাহেবগঞ্জ সীমান্ত চেকপয়েন্ট দিয়ে তারা ভারতে যান।
 
তাদের বিদায় জানাতে কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, ৪৫ কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, ভুরুঙ্গামারী উপজেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মামুন ভুইয়া, কুড়িগ্রাম কাস্টম ইন্সপেক্টর শিকদার গোলাম সারোয়ার। ভারতের পক্ষে কোচবিহার জেলার ডিএম  পিউল গানাথন, ভারতীয় হাইকমিশন রাজশাহীর সচিব সন্দিপ মিত্র স্বাগত জানান ছিটমহলের এসব নাগরিকদের। এসব নাগরিকদের কোচবিহার জেলার দিনহাটা থানার কৃষিমেলার অস্থায়ী আবাসনে বসবাসের প্রাথমিক ব্যবস্থা করেছে ভারত সরকার। 
 
সকাল সাতটার দিকে দাসিয়ারছড়ার ১০টি পরিবারের ৪৯ জন ভারতগামীকে বিদায় জানিয়ে বাগভান্ডারে নিয়ে আসা হয়। এদিকে ভুরুঙ্গামারীর ছোট গাড়লঝড়ার পাঁচটি পরিবারের ২৩ জনকে রাতে নিয়ে আসা হয় উপজেলা ডাকবাংলোয়।
 
চলতি বছরের ৩১ শে আগস্ট মধ্যরাতে দুই দেশের ১৬২ ছিটমহল বিনিময় হয়। তার আগে ৬ জুলাই থেকে ১৬ জুলাই হেট কাউন্টিং ও নাগরিক অপশন পছন্দের তালিকায় তারা ভারতের নাগরিক থাকার ইচ্ছা পোষণ করেন।