কুমিল্লা সীমান্তে গ্রেফতার চার বিদেশি নাগরিকের বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার কুমিল্লার ১নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কেরানীনগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। পরে বিজিবি শুক্রবার তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে। প্রত্যেকের কাছে মেয়াদ উত্তীর্ণ ভারতের ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া গেছে। ওই পাসপোর্টের ঠিকানা অনুযায়ী বিদেশি নাগরিকরা হলেন, ক্যামেরুনের নাগরিক এমমিরা জুপাং (নারী), কঙ্গোর থমাস ওকো, কিংডম অব লিসেথোর আবদু নাসারা ও রিপাবলিক ডি গিনির হামিদু সামারা।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের কারণসহ অপরাধমূলক কোন কাজ সংঘটিত করার উদ্দেশ্য ছিল কি-না তা জানতে ওই চার বিদেশি নাগরিককে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।