রাজধানীর আদাবরে মরা গরুর মাংস বিক্রির চেষ্টাকালে কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- কসাই ইয়াসিন (৩৩), তার সহযোগী ফকরুদ্দিন (৪০) ও হিরু মিয়া (২২)।
রবিবার ভোরে আদাবরের ১৬ নম্বর কাঁচা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করার পাশাপাশি ওই দোকানের সব মাংসও জব্দ করেছেন পুলিশ। আদাবর থানার এএসআই জাহান-ই-আলম বলেন, ‘আদাবরের ওই মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রির জন্য রাখা হয়েছে খবর পেয়ে অভিযান চালানো হয়।’
জানা গেছে, আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ নম্বর সড়কের খামার মালিক আলী আকবর গত সপ্তাহে এক লাখ ২০ হাজার টাকা দিয়ে ওই গরুটি কেনেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত রোগে গরুটি মারা যায়। এর পরও আটককৃতরা ওই মরা গরু কেটে মাংস বিক্রির চেষ্টা চালায়।
ওই বাজারের আরেক মাংস বিক্রেতা মনির হোসেন বলেন, ছয় মাস আগে এই বাজারে ব্যবসা শুরু করে ইয়াসিন। পুলিশ আর কিছুক্ষণ পর অভিযান চালালে মাংস বেচা শুরু হয়ে যেত।