সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় জামায়াত ও বিএনপির ১২ কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১২জন নিয়মিত মামলার ১৭জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক এনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে পাঁচজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন,পাটকেলঘাটায় তিনজন ও শ্যামনগর থানা থেকে একজনকে গ্রেফতার করেছে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জামায়াতের ডাকা হরতালে সাতক্ষীরার জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল-মিটিং-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই সবকটি রুটে যানবাহন চলাচল করছে।