নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর জনার্দ্দন কর্মকার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকার একটি ব্রিজের নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জনার্দ্দন উপজেলার চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের মনমোহন কর্মকারের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে জনার্দ্দন কর্মকার উপজেলার চিওড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। পরে তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি। এ বিষয়ে তার বাবা মনমোহন কর্মকার পরদিন চৌদ্দগ্রাম থানায় জিডি করেন। এদিকে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকার ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।