ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন

গাজীপুরের কালিয়াকৈরে বাসা ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন বাড়ির মালিক। রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
নিহত গৃহবধূ হলেন, কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকার আলমগীর হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩৮)। গ্রেফতারকৃত ভাড়াটিয়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার ডিমাডাঙ্গা মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে আলামিন (২৫)। 
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের স্ত্রী হালিমা বেগম বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া তোলেন। গত ২০ নভেম্বর তিনি বাড়ির ভাড়াটিয়া আলামিন হোসেনের কাছে ভাড়া তোলতে যান। এ সময় তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় আলামিন একটি কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে হালিমা বেগম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ফেরত পাঠালে রবিবার দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। 
 
কারিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মোতালেব মিয়া জানান, ওই নারী (বাসার মালিক) রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ধারা সংযোজনের জন্য মামলাটি আদালতে পাঠানো হয়েছে।