রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনির একটি বাসার বাথরুম থেকে সাব্বির হোসেন নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, শিশু সাব্বিরের বাবার নাম কবির হোসেন ও মায়ের নাম পলি আক্তার। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, কবির হোসেন দুই স্ত্রী নিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনীর এ/১৮ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মৃত শিশুটি কবির ও তার দ্বিতীয় স্ত্রী পলি আক্তারের সন্তান।
বেলায়েত হোসেন জানান, শিশুটির মা পলি আক্তার সকালে ঘুম থেকে জেগে ঝিয়ের কাজ করতে অন্য বাসায় বেরিয়ে যান। এ সময় স্বামী কবির হোসেন ও বড় স্ত্রী বাসায় ছিলেন। হঠাত্ সকাল সাড়ে নয়টার দিকে তিনি খবর পান বাসার বাথরুমে পানিভর্তি বালতির মধ্যে তার ছেলের লাশ পাওয়া গেছে। পরে তিনি বাসায় ছুটে এসে পুলিশে খবর দিলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এসআই বেলায়েত হোসেন আরো জানান, সাব্বিরের মা তার শিশুকে হত্যার অভিযোগ তোলায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।