‘বাংলাদেশের পাট নিয়ে বিশ্বব্যাংক ও আইএফএমের ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিশ্বব্যাংক বাংলাদেশের পাটশিল্পের বিপুল বাজার ধ্বংস করে দিয়েছে। বিশ্ব ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করে জিয়াউর রহমানসহ এরশাদ ও খালেদা জিয়া পাটশিল্প ধ্বংস করে দিয়েছেন।’
সোমবার দুপুরে রাজশাহীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে পাট নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। বিশ্বব্যাংক এখন ভারতে পাটকল তৈরিতে অর্থায়ন করছে। তাই পাটের হারানো গৌরব ফেরাতে সরকার নানামুখী উদ্যোগের বাস্তবায়ন শুরু করেছে।’
পাট অধিদফতরের উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদফতরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এতে রাজশাহী বিভাগের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।