'গণপিটুনিতে' ছাত্রশিবির কর্মী নিহত, আহত ২

যশোরে ‘গণপিটুনির’ শিকার হয়ে ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিবির কর্মী আহত হয়েছেন। নিহত হাবিবুল্লাহ (২২) শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে।
 
সোমবার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের কামরুল হাসান (২২) ও মাগুরার শালিখা উপজেলার আল-মামুন (২২)। হতাহতরা ওই কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র।
 
জানা গেছে, বিকেলে ওই কলেজ এলাকার একটি ছাত্রাবাসে ওই তিন শিবির কর্মী গোপন বৈঠক করছিলেন। পরে ছাত্রলীগ কর্মীরা তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় স্থানীয় সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে তাদের ‘গণপিটুনি’ দেয়। পুলিশ খবর পেয়ে তিনজনকেই আহত অবস্থায় উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুল্লাহ মারা যান।
 
আহত ছাত্র শিবির কর্মী আল মামুনের দাবি, ছাত্রলীগ কর্মীরা তাদের ছাত্রাবাসে হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
 
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের দাবি, এ ঘটনায় ছাত্রলীগ কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে সাধারণ ছাত্ররা তাদের মারপিট করেছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী  বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’