পরিবেশ দূষণ: পটিয়ায় ছয় শিল্পপ্রতিষ্ঠান সিলগালা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিল্প বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার না করে পরিবেশ দূষণের অভিযোগে পরিবেশ অধিদফতর উচ্চ আদালতের নির্দেশে ছয়টি শিল্পপ্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে।
 
প্রতিষ্ঠানগুলো হলো, মোস্তফা পেপার মিল, আম্বিয়া নিটিং এন্ড ডায়িং, হক্কানী পেপার মিল, আনোয়ারা পেপার মিল, বনফুল অ্যান্ড কোং, শাহ আমানত নিটিং এন্ড ডায়িং মিলস।
 
সোমবার সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মকবুল হোসাইন।
 
মকবুল হোসাইন জানান, ২৯ জানুয়ারি হাই কোর্টে বেলা নামের একটি পরিবেশ বিষয়ক সংগঠন পটিয়ার ছয়টি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে একটি রিট দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ শুনানি শেষে ২৪ ঘণ্টার মধ্যে এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেন।
 
অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ঋত্বিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।