লাকসামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু

কুমিল্লার লাকসামে মালবাহী একটি ট্রাক ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- অটোরিকশাচালক লাকসাম উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৩০), অটোরিকশা যাত্রী একই গ্রামের রোজিনা আক্তার (২২), নাসরিন আক্তার (২৪), মোহসেনা (৩৫) এবং পথচারী কালাম (৩৫)।
 
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ লুৎফুর রহমান জানান, নোয়াখালীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮০-৮৮২) উপজেলার ফতেহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো দুইজন মারা যান।
 
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।