ভারতে গেলেন ১৫২ জন ছিলমহলবাসী

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগবাড়ি ছিটমহলের ৩০টি পরিবারের ১৫২ জন নতুন ভারতীয় নাগরিক মঙ্গলবার স্থায়ীভাবে ভারতে চলে গেলেন।
 
১৫০ জন যাওয়ার কথা থাকলেও ২ নবজাতকসহ এ সংখ্যা হয়েছে ১৫২ জন। এর মধ্যে ৬৩ জন পুরুষ, ৪৯ জন মহিলা এবং ২ নবজাতকসহ শিশু ৪০ জন।
 
চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের দিকে হলদিবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তারা। 
 
এর আগে সোমবার বিকেলে প্রয়োজনীয় মালামালসহ দেবীগঞ্জ ডিগ্রি কলেজে স্থাপিত চেকিং ও লোডিং পয়েন্টে আনা হয় তাদের। কাস্টমস ও বিজিবি কর্তৃপক্ষের চেকিং কার্যক্রমের পর সেখানে তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।
 
মঙ্গলবার সকাল ৯টায় দেবীগঞ্জ চেকিং ও লোডিং পয়েন্ট থেকে ৪টি বাস ও ৮টি ট্রাকে মালামালসহ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিকে তারা রওয়ানা দেন।
 
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমা কান্ত গুপ্ত, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
শেষ বিদায়ক্ষণে আত্মীয়-স্বজন এবং বিদায় নেয়া লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। অসংখ্য উৎসুক জনতাও এসময় বেদনার্ত হয়ে পড়েন।
 
-বাসস