সখীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফজল হক (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই শামছুল হক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।
 
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক ফজল হকের ভোগ দখলীয় জমিটি প্রতিবেশী ঠান্ডু মিয়া (৬০), ইয়ার মাহমুদ (৪৫) ও রহম উদ্দিন (৪০) নিজেদের দাবি করে এতে কয়েকদিন ধরে জোরপূর্বক মাটি ভরাট করছিলেন। এতে ফজল হকের পরিবার বাধা দেয়। বাধা উপেক্ষা করে মঙ্গলবারও মাটি ভরাটকালে ফজল হক ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শামছুল হক বলেন, ‘ওই জমিটি আমাদের নামে সেটেলমেন্ট রেকর্ডভুক্ত। প্রতিপক্ষরা জোরপূর্বক দখল নিতে আমার ভাইয়ের ওপর হামলা করে।’
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।