মাশরাফির ব্যাটিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে সাত উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের ১৭৬ রানের লক্ষ্য সাত বল হাতে রেখেই পেরিয়ে গেছে কুমিল্লা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। উদ্বোধনী জুটিতে রান ৬৩ রান করে চিটাগাং।
প্রথম দুই ম্যাচে অর্ধ শত রান করা তামিম ৩১ বল খেলে ৩৩ রান করেন। দিলশান ২১ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। আগের দুই ম্যাচে অর্ধ শত রান করা তামিম ইকবাল ৩১ বলে ৩৩ রান করে আউট হন দলীয় ৭৯ রানে। উইকেটরক্ষক এনামুল হকের ৩০ বলে ৩৯ ও শেষ দিকে জিয়াউর রহমানের ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১৭৬ রানের বড় স্কোর করে চিটাগাং। পাকিস্তানের আশরার জাইদি ৪ ওভারে ২৯ রান দিয়ে দুই উইকেট নেন।
জবাবে কুমিল্লা মাত্র ১০ রানে লিটন দাস ও ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ফেলে। মারলন স্যামুয়েলসের সঙ্গে শুভাগত হোম পরে ইনিংস মেরামত করেন। শুভাগত ১৬ বলে ৩০ রান করে দলীয় ৫৪ রানে আউট হয়ে যান। আর সেখান থেকেই শুরু হয় মাশরাফির তাণ্ডব।
মোহাম্মদ আমির, সাঈদ আজমল ও জাতীয় দলে তার প্রিয়পাত্র তাসকিন আহমেদ কাউকেই ছাড় দেননি মাশরাফি। স্যামুয়েলস ও মাশরাফি ১১ ওভার ৩ বল ব্যাটিং করে ১২২ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে ফেরেন। স্যামুয়েলস ৫২ বলে ৬৯ রান করেন, তিনি ৮ টি চারের পাশাপাশি মেরেছেন ১টি ছক্কা। মাশরাফি ৩২ বল খেলে করেছেন ৫৬ রান, মেরেছেন ৪ টি চার ও তিনটি ছক্কা। মোহাম্মদ আমিরের করা ১৯ তম ওভারের পঞ্চম বলে চার মেরে খেলা শেষ করেছেন মাশরাফি। কুমিল্লার তিন উইকেটের দুটিই নিয়েছেন মোহাম্মদ আমির। ক্রিকইনফো।