রাস্তা সংস্কারে নেমেছে এবার ট্রাফিক পুলিশ। ভাঙ্গাচোরা রাস্তায় যানজটে আটকে থেকে নাকাল হয় সাধারণ মানুষ। আর এই যানজট ছাড়াতে গলদঘর্ম হতে হয় ট্রাফিক পুলিশকে। রাজধানীর বাড্ডা এলাকায় এমনই একটি দীর্ঘদিনের ভাঙ্গা রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। রাস্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার না করায় ট্রাফিক পুলিশ নিজ উদ্যোগেই সংস্কারের কাজ শুরু করে।
মেরুল বাড্ডা কাঁচা বাজারের সামনের সড়কে জলাবদ্ধতায় গত কয়েক দিন ধরে এক লেনে গাড়ি চলছিলো। ফলে বাড্ডা ও হাতিরঝিলে কয়েক কিলোমিটার যানজট ছিল নিত্য দিনের ঘটনা।
এবার ট্রাফিক বিভাগ ওই সড়কটি সংস্কার শুরু করেছে। মঙ্গলবার ট্রাফিক পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানে ইট-পাথর এনে নিজেরাই রাস্তাটির সংস্কার শুরু কর। এখন সেখানে তিন লেনে যাড়ি চলাচল করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার আবু ইউছুফ বলেন, গত ১৮ নভেম্বর সাতরাস্তা-হাতিরঝিল সংযোগ সড়কে চার গাড়ি ইট-পাথর ফেলে রাস্তা সংস্কার করা হয়। পানি চুইয়ে পড়ে আবারও গর্তের সৃস্টি হচ্ছিল। মঙ্গলবার আরো কয়েক গাড়ি ইট-পাথর ফেলে রাস্তাটি সংস্কার করা হয়েছে।
তিনি বলেন, কোনো সংস্থাকে দোষারোপ করতে চাই না। চাইনা টেন্ডার জটিলতা। চাই জরুরী সেবা। আমি এবং আমার পুলিশ ইন্সপেক্টর সালাহ্উদ্দিন প্রধান উদ্যোগী হয়ে অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় রাস্তা মেরামতের উপকরণ সংগ্রহ করে যাচ্ছি। স্থায়ী সমাধান করতে না পারলেও গাড়ির চাকা সচল রাখতে আমাদের ছুটে চলা।