শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যেতে হলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের। ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই পথটা সুগম করে রাখলো উত্তর লন্ডনের ক্লাবটি।
 
এখন অলিম্পিয়াকোসের বিপক্ষে শেষ ম্যাচে ২-০ গোলে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে আর্সেন ওয়েঙ্গারের দলের। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের এই ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন সানচেজ। মেসুত ওজিলের করা দলের অপর গোলটিতেও অবদান চিলির স্ট্রাইকারের।
 
IMG0
 
ডায়নামো জাগরেবের কাছেই গ্রুপের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল। ফিরতি লেগের এই জয়ে তাই প্রতিশোধও নেওয়া হলো ইংলিশ জায়ান্টদের। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে আর্সেনালকে জাগরেবের বিপক্ষে শুধু জিতলেই হতো না, অলিম্পিয়াকোসকে হারতে হতো বায়ার্ন মিউনিখের কাছে। সে আশাও পূরণ হয়েছে আর্সেনালের। গ্রিক দলটিকে ৪-০ গোলে হারিয়ে বায়ার্ন নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।
 
এখন গ্রুপের শেষ ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে ওদেরও শুধু হারালেই হবে না আর্সেনালের, গোল গড়ে থাকতে হবে এগিয়ে। সেই জন্য কমপক্ষে  দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। গোল ডটকম।