বগুড়ার কাহালুতে যাত্রবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে বগুড়া-সান্তাহার সড়কের উপজেলার মুরাইল বাসস্ট্যান্ডের কাছে ভাগদুবরা গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয়া পাওয়া যায়নি।
জানা গেছে, দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ছেড়ে আসা ‘আপন’ পরিবহনের একটি বাস বগুড়া আসছিল। বাসটি ভাগদুবরা গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে দুইজন মারা যান। রিপোর্ট লেখা পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও অন্যটি উদ্ধার করা যায়নি। নিহতরা বাসের যাত্রী না হেলপার সেটিও পরিষ্কারভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের চিকিত্সার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানার এস.আই নুরুল ইসলাম ও জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়।