রাজধানীর বাড্ডা এলাকায় বাসের মধ্যে ডাব পান করে অসুস্থ হয়ে পড়েন হাজী মহসীন (৫০) নামে এক যাত্রী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানা পুলিশ জানায়, মহসীন মঙ্গলবার সকালে মিরপুরে তার ছোট মেয়ের বাসা থেকে বাড্ডায় বড় মেয়ের বাসায় আসার পথে চলন্ত বাসে ডাব কিনে পান করেন। এরপর তিনি অচেতন হয়ে পড়লে বাসচালক তাকে স্থানীয়দের সহযোগিতায় বাড্ডায় নামিয়ে দেন। জ্ঞান ফেরার পর মেয়ের বাসার ঠিকানা বললে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার গভির রাতে হাজী মহসীনের মৃত্যু হয়। বুধবার সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ায় তার মৃত্যু হয়েছে। তকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে বলা যাচ্ছে না কি সঠিক কারণে তার মৃত্যু হয়েছে।