আমার ছেলে নির্দোষ : পরিমলের বাবা

 
ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের পিতা ক্ষিতিশ জয়ধর বলেছেন, আমার ছেলে নির্দোষ। আমরা সুবিচার পাইনি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
 
বুধবার শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন সাজার রায় ঘোষণার পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবাসরত পরিমল জয়ধরের বৃদ্ধ পিতা ক্ষিতিশ জয়ধর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র মূলক ভাবে ফাশানো হয়েছে।
 
লাটেঙ্গা গ্রামের সমাজসেবক কমল বৈদ্য বলেন, পরিমল জয়ধর এলাকায় মেধাবী ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানিনা এ ঘটনাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা। আমরা এলাকাবাসি চাইবো, যদি ঘটনাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে, তা হলে সে যেন উচ্চ আদালতে সুবিচার পায়।
 
ব্যক্তিগত জীবনে পরিমল জয়ধর বিবাহিত ও ১ সন্তানের জনক। ৩ ভাইয়ের মধ্যে পরিমল জয়ধর সবার বড়।