রাজধানীর দারুস সালাম এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (৩৮) নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে দ্বীপনগর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক আহত হয়েছেন বলে তারা ওয়ার্লেসের মাধ্যমে জানতে পেরেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ বলেন, 'মাথায় গুলিবিদ্ধ ওই যুবককে রাত সোয়া ১২টার দিকে এএসআই গৌতম হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক দেখে যুবককে মৃত ঘোষণা করেন।'