রাজধানীর পুরান ঢাকার হোসাইনি দালানের সামনে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলাসহ আশুলিয়া ও গাবতলী চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ জেমএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হোসাইনি দালানের ঘটনার পর রাত ৩টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মিরপুর, আবদুল্লাহপুর, গুলিস্থান ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।
গ্রেফতারকৃতরা হলেন- চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ আহসানুল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন রাশেদ ওরফে আশিক।
বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, 'মাহফুজ ওরফে হোজ্জা ভাই এবং রাশেদ ওরফে আশিক আত্মঘাতী হামলার প্রশিক্ষণপ্রাপ্ত। তারা হোসাইনি দালানে বোমা হামলায় ‘সরাসরি’ অংশ নিয়েছিলেন।
বাকিরা বাড়ি ভাড়া করে দেয়া এবং অর্থ জোগানোসহ বিভিন্নভাবে এই জেএমবি সদস্যদের সহযোগিতা দিয়েছিলেন বলে পুলিশের অভিযোগ।
গত ২২ অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। পরে আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সঞ্জু নামের একজনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। পরে জামাল নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার দুই দিন পর অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় একটি মামলা করে পুলিশ।