শ্যালককে খুনের চেষ্টায় দুলাভাই গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার ভঙ্গারটেক গ্রামে আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে নিজ শ্যালককে গুলি করে হত্যা চেষ্টা অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। 
 
প্রায় ৮ মাস পূর্বে গত ১২ মার্চ তার আপন শ্যালক নাজিউর রহমান নাজিরকে খুন করার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি করে গুরুতর জখম করে পালিয়ে গিয়েছিলেন তিনি। এ ব্যাপারে ঘটনার দিনই শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। 
 
দীর্ঘদিন যাবৎ আমানউল্লাহ্ পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে শিবপুরের পাহাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমানউল্লাহ্ ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে জানান, এই এলাকার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার স্বপ্ন ছিল তার। কিন্তু তার আপন শ্যালক নাজিউর রহমানও এই এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন। কাজেই পথের কাঁটা দূর করার জন্য জনৈক দেলোয়ার হোসেন ভূইয়ার সহযোগিতা ও পরিকল্পনায় নাজিউর রহমানকে একেবারে শেষ করার জন্য সেই পথ বেছে নিয়েছিলেন।