হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে ধান কাটা ও ভাগবাটোয়ারা নিয়ে চাচা ও চাচাতো ভাইদের হাতে খুন হলেন ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক। এ ঘটনায় ইকবালের দুই সহোদরসহ আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। ইকবাল পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পৌর এলাকার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়া ও তার ভাই বজলু মিয়া যৌথ জমির ধান কেটে বাড়িতে আনেন। এরপর ভাগবাটোয়ারা নিয়ে আঙ্গুর মিয়ার বড় ছেলে ইকবাল ও তার চাচাতো ভাই বাবলুর মধ্যে বাক্বিতণ্ডা হয়। এর জের ধরে বিকেল তিনটার দিকে বাবলু ২০/২৫ জন লোক নিয়ে ইকবালদের বাড়িতে হানা দেয়। এ সময় ইকবাল ও তার দুই ভাই দিলওয়ার হোসেন এবং লাভলু মিয়া ঘর থেকে বেড়িয়ে আসলে তাদের উপর আক্রমণ চালানো হয়। এক পর্যায়ে বাড়ির উঠানে ইকবাল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইকবালের ছোট ভাই দিলওয়ারকে (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত লাভলূ মিয়াকে (২০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।