টুইটারে নাম বদলে ‘টিম অ্যাপল’ করলেন অ্যাপল সিইও টিম কুক

টুইটার অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেলেছেন অ্যাপলের সিইও টিম কুক। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভুলবশত’ অ্যাপলের সিইও টিম কুককে ডেকে বসেন টিম অ্যাপল বলে। দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে আর নেটিজেনদের কাছে ফের হাসির খোরাকে পরিণত হন ডোনাল্ড ট্রাম্প।

শিক্ষাখাতে প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনায় এ সভার আয়োজনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শিল্প খাতে টিম কুকের অবদানের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প মুখ ফসকে তাকে ‘টিম অ্যাপল’ বলে সম্বোধন করেন।

ট্রাম্প বলেন, ‘আপনি প্রকৃতপক্ষে আমাদের দেশে বড় বিনিয়োগ করেছেন। আমরা এর সাধুবাদ জানাই টিম অ্যাপল।’

 ট্রাম্পের মুখ ফসকানোর একদিন পরই কুক তার টুইটার অ্যাকাউন্টের নাম পাল্টে দেন। তিনি টুইটার অ্যাকাউন্টের নামে টিম শব্দের পরে অ্যাপলের লোগো জুড়ে দেন, যেন মনে হবে তিনি ‘টিম অ্যাপল’ বোঝাতে চেয়েছেন।

কুক প্রকাশ্যে এ পরিবর্তন ঘোষণা দেননি। তবে তার এ পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অবশ্য এতে নতুন বিপত্তিও ঘটেছে। কারণ অ্যাপলের লোগো শুধু আইফোন ও ম্যাক কম্পিউটারে স্পষ্ট বোঝা যায়। উইন্ডোজে ওই স্থানে কেবল কালো রঙের বর্গক্ষেত্র দেখা যায়। তাই কারো কারো কাছে মনে হতে পারে, কুক নিজের অ্যাকাউন্টের নাম পাল্টে ‘টিম স্কয়ার’ রেখেছেন। তবে এখন পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে কিছু বলেননি।

 কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা, নীতি-নিয়ম নির্ধারণ নিয়ে হোয়াইট হাউসে বিশেষ বৈঠক বসেছিল আমেরিকান ওয়ার্কফোর্স পলিসি অ্যাডভাইজরি বোর্ডের। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অ্যাপল কর্তা টিম কুকও।