ক্ষতিগ্রস্ত ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে যুদ্ধাপরাধীর সম্পত্তি ব্যয়ের দাবি

 
যুদ্ধাপরাধীদের সব স্থাবর-অবস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) দণ্ডিত মাবতাবিরোধী যুদ্ধাপরাধী, সব দল ও বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করতে ‘ভিকটিমস কম্পেনসেশন অ্যাক্ট প্রণয়ন করতে হবে।’
 
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, সরকার মানবতাবিরোধী দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। তাদের আদর্শগত ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
 

সংবাদ সম্মেলনে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘মানবাধিকারের অনেক সংস্থা মানবতাবিরোধী অপরাধীদের অধিকারের কথা বলছে, কিন্তু শহীদ ও মুক্তিযুদ্ধে নির্যাতিতদের অধিকারের কথা কেউ বলেন না। এখন আমরা তাদের অধিকারের কথা বলছি- যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও নির্যাতিত পরিবারের কল্যাণে ব্যয় করা হোক।’