রাজধানীর তুরাগ থানা এলাকায় এক যুবককে কুপিয়ে কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মাথা ও পিঠে আঘাত নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শামীম খান (১৮) নামের ওই যুবক।
বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে ঢাকায় ফেরার কিছুক্ষণ পরই শামীম ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক। শামীম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি পাস করেছেন। তার বাড়ি তুরাগ থানার বাউনিয়ায়।
শামীমকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাই আজিজের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, ‘সকালে শামীম বাসে করে বগুড়া থেকে এসে উত্তরার জসিম উদ্দিন সড়কে নামেন। সেখান থেকে রিকশায় বাউনিয়ার বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে আটকে কুপিয়ে কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।’