লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ সদস্যরা। সাতক্ষীরা সীমান্তে দুইজন নিহত হওয়ার পর এক দিন পার না হতেই এই হত্যাকাণ্ড ঘটলো।
 
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তর গোতামারী সীমান্তের ৯০১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল বজলুর জানান, সীমান্ত দিয়ে গরু আনার সময় টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে অমূল্য রায়ের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে ৮/১০ ছিল। অন্যরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও অমূল্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গীরা তার লাশ নিয়ে আসেন।
 
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি কর্মকর্তারা।
 
নিহত অমূল্য বর্মন (৩৮) হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মহেষ চন্দ্র বর্মনের ছেলে বলে জানানো হয়েছে।
 
এর আগে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।