কবর থেকে তোলা হলো জাপানি নারীর লাশ

জাপানি নারী হিরোয়ি মিয়াতার (৬০) মৃত্যুর কারণ নিশ্চিত হতে কবর থেকে তার লাশ তুলেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। 
 
শুক্রবার সকালে তার লাশ উঠানো হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান। ওই নারীকে মুসলিম পরিচয়ে উত্তরার একটি কবরস্থানে দাফন করা হয়েছিল।
 
কবরস্থানের তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুস জানান, আজ সকালে জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে মিয়াতার লাশটি উত্তোলন করা হয়। 
 
ময়নাতদন্তের জন্য মিয়াতার লাশ কবর থেকে উত্তোলনের জন্য বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল আদালত।