সিরাজগঞ্জের পাঁচলিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
শুক্রবার দুপুরে পাঁচলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের পাঁচলিয়ায় এস আর পরিবহনের একটি গাড়ি ও এস আলম পরিবহনের অপর একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস আর পরিবহনটি নওগাঁ থেকে ঢাকা এবং এস আলম পরিবহনটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।