জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র, জনতার মঞ্চের রূপকার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় মানবঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি তিনি। মস্তিষ্কসহ সর্বাঙ্গে বিঁধে থাকা গ্রেনেডের স্প্লিন্টারের দুঃসহ যন্ত্রণা নিয়ে চিকিত্সাধীন অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুর কাছে পরাজিত হন।
মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সকাল সাড়ে ৯ টায় আজিমপুরস্থ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নগরভবনে দোয়া মাহফিল, বিকাল ৩টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম রাজনীতিক মোহাম্মদ হানিফের একমাত্র পুত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকন দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।