কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিতি ও কনসার্ট

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ দেশ- বিদেশের কৃতি ক্রিকেটার, সঙ্গীত ও অভিনয় শিল্পীরা শনিবার দুপুরে কুমিল্লায় আসছেন। তাদের বরণ করে নিতে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। কুমিল্লার ক্রিকেটপ্রেমী দর্শকদের মাতাতে দল পরিচিতি অনুষ্ঠান শেষে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশ সেরা সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পীরা গানে গানে ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের আনন্দ উল্লাসে মাতিয়ে তুলবেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে প্রথমে কুমিল্লা ভিক্টোয়িান্সের দল পরিচিতি শেষে অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট। এতে গান গাইবেন কন্ঠশিল্পী মমতাজ, কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর। আরও গান গাইবেন মিলা, লেলিন, তাপস, অনন্যা। এছাড়াও স্টেজ পারফরমেন্স করবেন অভিনেতা অনন্ত জলিল ও বর্ষাসহ আরও অনেকে। 
 
IMG0
 
ক্রিকেটার ও শিল্পীদের আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে। বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোড়ন সৃষ্টি করা কুমিল্লার ভিক্টোরিয়ান্স টানা তিন জয় পেয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। 
 
এদিকে অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থলসহ নগরীর বিভিন্নস্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। 
 
মেগা কনসার্টে পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), দলের চেয়ারম্যান নাফিসা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।