ফরিদপুরের সালথায় দাঙ্গায় উস্কানি দেয়ার দায়ে বিএনপির দুই নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান ওরফে হবি (৫০) ও বিএনপি কর্মী জুয়েল হাসান (২০)। হাবিবুর রহমান মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে ও জুয়েল গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত দাঙ্গায় উস্কানি দেয়ার দায়ে হাবিবুর রহমানকে ৩ মাস ও জুয়েলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।