আজ ঢাকায় এসে কাল কাতার যাবে
সোহেল সারোয়ার চঞ্চল
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দলটি যেন নতুন করে প্রেরণা পাচ্ছে। জ্বালানি পাচ্ছে আরও এগিয়ে যাওয়ার। একটি জয় সামনের দিকে তাকানোর পথ করে দিয়েছে। এবার সামনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইয়ের খেলা। আজ গভীর রাতে ঢাকায় এসে আগামীকাল বিকালে পুনরায় ঢাকা ছাড়বে ফুটবলাররা। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা ঢাকায় অবস্থান করবেন। আর অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা কাতার যাবেন। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের গ্রুপ পর্বের বাছাই খেলা হবে বাহরাইনে। সেখানে যাওয়ার আগে যুব ফুটবল দল কাতারে ১০ দিনের ক্যাম্প করবে। তারপর বাহরাইন। কাতারে ফুটবলারদের জন্য অনুশীলনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন কাতারে খেলোয়াড়দের ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আধুনিক স্টেডিয়ামে অনুশীলন করতে পারবে। জিম সুইমিং সুবিধা থাকবে। বাহরাইন যাওয়ার আগে খেলোয়াড়রা ভালো অনুশীলনের সুযোগ পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে খেলোয়াড়রা সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং সময়টাও কাজে লাগাবে।
ফিফার র্যাংকিংয়ে কম্বোডিয়া ১৭২ এবং বাংলাদেশ ১৯২। পার্থক্য ২০ ধাপ। কম্বোডিয়ার মাঠে লড়াই করে জয় (১-০) পেয়েছে বাংলাদেশ। র্যাংকিং নিয়ে ঘোর আপত্তি বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের। তিনি বলেন, ‘র্যাংকিং কোনো বিষয় না। এই ধরনের অবস্থানে কে কতটুকু উপরে-নিচে তার চেয়েও বড় কথা হচ্ছে মাঠে নেমে কতটা খেলতে পারল।’
লিগের খেলা চলছিল। তাই ঢাকা ছাড়ার আগে এক সেশনও অনুশীলন করতে পারেনি জীবন, ওয়ালী ফয়সাল, বিপলু, বিশ্বনাথ, সুশান্ত, মতিন মিয়া, জনি, রবিউল ইসলামরা। কম্বোডিয়া গিয়ে তিন সেশন কাজ করেছেন ব্রিটিশ কোচ জেমি ডে। একাদশ সাজানোই ছিল প্রধান কাজ। সবচেয়ে বড় সমস্যা ছিল বাংলাদেশের ফুটবলাররা নিজের দেশে ঘাসের মাঠে খেলছেন। আর কম্বোডিয়া গিয়ে টার্ফের মাঠে খেলতে হয়েছে। হঠাত্ পরিবর্তনে মানিয়ে নেওয়া কঠিন হলেও দুরন্ত গতির ফুটবল খেলেছে জেমির দল। ফরোয়ার্ড লাইন গোল মিস করেছে। শেষ পর্যন্ত সাইড লাইনের খেলোয়াড় সুফিলের উত্স হতে রবিউল ইসলাম গোল করেন। সেই অক্টোবরে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। পাঁচ মাস পর দারুণ খেলল।
কম্বোডিয়া জয় ফুটবল অঙ্গনে উজ্জ্বলতা ছড়ালেও তা নিয়ে ভাবছেন না বাফুফে সভাপতি। তার চোখে এখন বাহরাইন। সেখানে গ্রুপ পর্বের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ফিলিস্তিন এবং শ্রীলঙ্কা। ২২, ২৪ এবং ২৬ মার্চ খেলা। কম্বোডিয়ায় খেলতে যাওয়া ২১ খেলোয়াড়ের মধ্যে বাদ যাচ্ছেন সিনিয়র ফুটবলার অধিনায়ক জামাল ভুইয়া, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, ইমন বাবু, তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, দুই গোলকিপার শহিদুল আলম সোহেল এবং আশরাফুল রানা। এই দলের প্রায় ১২ জন ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলে থাকছেন। এই দলে একেবারে নতুন মুখ রহমতগঞ্জের রাকিব হোসেন এবং নোফেল ক্লাবের খন্দকার আশরাফুল ইসলাম।