বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের শিয়া মসজিদে (মসজিদ-ই-আল মোস্তফা) গুলি ও হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করেছে র্যাব-১২। পুলিশের হাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩জনকে গ্রেফতার দেখিয়ে ১০দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। শিয়া মসজিদে হামলার ঘটনায় এ নিয়ে মোট ৬জনকে গ্রেফতার ও আটক দেখানো হলো।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর আফম আজমল জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাননি।
অন্যদিকে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে আটক মোলামগাড়ি এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক সামছুল আলমকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শুক্রবার ভোরে শিবগঞ্জ থানা পুলিশের হাতে আটক মাদ্রাসা ছাত্র জুয়েল ও মাঝিহট্ট এলাকার আনোয়ার হোসেনকেও গ্রেফতার দেখানো হয়েছে। এই তিনজনকে শনিবার দুপুর আড়াইটায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়ে ১০দিনের রিমাণ্ড আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের শিয়া মসজিদে নামাজের সময় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে মুয়াজ্জিন নিহত ও ইমামসহ ৩ হন গুলিবিদ্ধ হন। এঘটনার পর পুলিশ প্রথমে ২ জনকে আটক করে। ঘটনার পর পরেই পুলিশ-র্যাব ও পিবিআইসহ বিভিন্ন সংস্থার লোকজন আলামত সংগ্রহ, ঘটনার বিশ্লেষণ ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করে।