স্পোর্টস রিপোর্টার
প্রায় বছর চলে গেছে জাতীয় সাঁতার হয়নি। গতকাল মিরপুরে সুইমিংপুলে জাতীয় সাঁতারের প্রথম দিনটা বেশ জমজমাট ছিল। অনেক দিন পর দেখা হলো সাঁতারুদের। জাতীয় আসর ছাড়া কারো মধ্যে দেখা হওয়ার সুযোগ কম। নিয়মিত খেলা না হলে সেই দূরত্ব বাড়তেই থাকে। জাতীয় মিট ক্রীড়াবিদ কোচ কর্মকর্তাদের কাছে আনে। আলোচনায় আসে খেলোয়াড়দের পারফরম্যান্স। গতকাল জাতীয় সাঁতারের প্রথম দিনেই পাঁচটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরনো সাঁতারুদের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন একাধিক নতুন সাঁতারু। ২০০ মিটার মহিলা ফ্রিস্টাইল ইভেন্টে নৌবাহিনীর জুইনানা আহমেদ নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তিনি ২০০৭ সালে সবুরা খাতুনের রেকর্ড ভেঙেছেন। সবুরা খাতুনের সময় ছিল ২:২৫.৫৬ এবং গতকাল জুনাইনা সময় নিয়েছেন ২:১৯.৮৯ সেকেন্ড। নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা দ্বিতীয় এবং সেনাবাহিনীর শারমিন সুলতানা তৃতীয় হয়েছেন। মেয়েদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর জুনাইনা আহমেদ আরও একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন কাল। ২০১৬ সালে নাইমা আক্তারের গড়া রেকর্ড ভেঙে জুনাইনা সময় নিয়েছেন ২:৪০.৭৫ সেকেন্ড। নাইমার টাইমিং ছিল ২:৪৪.৮০।
পুরুষদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২০০৩ সালের রুবেল রানার রেকর্ড ভেঙে দিয়েছেন। রুবেল রানার রেকর্ড ছিল ২:১৬.৭৬ সেকেন্ড। জুয়েল আহমেদ সময় নিয়েছেন ২:১৬.১৩ সেকেন্ড।
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকে নৌবাহিনীর মাহমদুন নবী নাহিদ ২০০৩ সালে জুয়েল আহমেদের গড়া রেকর্ড চুরমার করে দিয়েছেন। প্রায় পনেরো বছর আগে জুয়েলের টাইমিং ছিল ০০:৫৭.৫০ সেকেন্ড এবং কাল নাহিদ টাইমিং করেন ০০:৫৬.৮২।
মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২০১৪ সালে নিজের গড়া রেকর্ড ভেঙেছেন। এই উন্নতিতে খুশি টুম্পা। তবে এর চেয়েও বেশি উন্নতি চান তিনি।