শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শনিবার বিকালে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যাম সুন্দর এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে জুয়েল ও আনোয়ারকে সাত দিন করে এবং সামছুল আলমকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
উপজেলার সৈয়দ জামগড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুরের আব্দুল মান্নানের ছেলে জুয়েলকে (২৫) শুক্রবার ভোরে এবং বগুড়ার মোলামগাড়ি এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক সামছুল আলমকে রাতে আটক করা হয়।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় উপজেলার কিচক হরিপুর গ্রামের আল মস্তেফা মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০)। আহত হন ইমাম শাহিনুর রহমান (৬০) ও নামাজ পড়তে আসা স্থানীয় বাসিন্দা তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব আলী (৪০)।