বেশ কিছুদিন ধরেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার জুভেন্তাসে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ইংলিশ গণমাধ্যমে। এবার সে গুঞ্জনকে উড়িয়ে দিলেন তিনি। এই মৌসুম শেষে জুভেন্তাসের সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির। তুরিনের ক্লাবটিতে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে, যাতে শামিল হয়েছিল গার্দিওলার নামও। শোনা যাচ্ছিল ইতালীয় শিরোপাধারীদের সঙ্গে যোগাযোগও হয়েছে সাবেক বার্সেলোনা কোচের। তবে সিটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকা এই কোচ এবার সেসবকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘আমার হাতে আরও দুই বছর সময় আছে এবং যদি চাকরিচ্যুত না হই তবে এখান থেকে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব।’