এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে শনিবার জলবায়ু পরিবর্তন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ এ পদযাত্রায় শামিল হয়েছেন। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্যারিস শীর্ষ সম্মেলন থেকে ফলাফলের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জাপান, নিউজিল্যান্ড ও ফিলিপাইনে অনুষ্ঠিত এসব পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ধর্মীয় নেতা, ছাত্রছাত্রী ও মানবাধিকার কর্মীসহ প্রায় তিন হাজার মানুষ এক পদযাত্রায় অংশ নিয়ে বৈরি আবহাওয়ার জন্য দায়ী কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের আহ্বান জানায়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘আমাদের অভিন্ন নিবাস বাঁচাও’ ও ‘জলবায়ু ন্যায়বিচার’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক পদযাত্রায় আদিবাসী ও প্যাসিফিক দ্বীপবাসীসহ প্রায় পাঁচ হাজার লোক অংশ নেন।
নিউজিল্যান্ডের প্রধান নগরী অকল্যান্ড ও ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের বাইরে কয়েকহাজার মানুষ ওই জলবায়ু পরিবর্তন পদযাত্রায় অংশ নেন।
টোকিওতে প্রায় তিনশ’ লোকের এক সমাবেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের ৩০টি পৃথক অবস্থানে প্রায় পাঁচ হাজার লোক ওই জলবায়ু পরিবর্তন পদযাত্রায় অংশ নেন। বাসস