বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা বলেছেন, আপাতত কোনো ছবিতে কাজ করছি না। তবে ভালো ছবি পেলে অবশ্যই অভিনয় করবো।
সম্প্রতি পারিবারিক সফরে কানাডা আছেন ববিতা। সেখানে এক আলাপচারিতায় ববিতা এ কথা বলেন।
কানাডায় তিনি ছেলে অনিকের সঙ্গে ওয়াটারলুতে ও বোনের বাসা টরন্টোতে থাকবেন। আমেরিকা থেকে তার ভাই আসবেন। সেই সঙ্গে কিছু ব্যক্তিগত কাজ সেরে ডিসেম্বরের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন।
ববিতা বলেন, প্রাণের টানে ছেলের কাছে কানাডায় আসি। আসার আগে ডেইলি স্টার থেকে ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড’ এর জন্য একটা মিনি ডকুমেন্টরি করে এলাম। মূল্যায়নধর্মী এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। আগামী বছর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। আমি ছাড়াও সঙ্গীতে আলাউদ্দিন আলী এবং চিত্রগ্রহণে আফজাল চৌধুরী এই সন্মাননা পাচ্ছেন।
টরন্টোতে সদ্য সমাপ্ত বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রশংসা করে তিনি বলেন, শুনলাম ফেরদৌস এসেছিল। সময় পেলে আগামীতে আমিও আসবো। গত বার যখন আমি টরন্টোতে, তখন বিজয়া দি মারা গেলেন। তার সঙ্গে অনেক স্মৃতি। বিশেষ করে ১৯৭২ কি ১৯৭৩ সালে ‘অশনি সংকেত’ জার্মানি ফিল্ম ফেস্টিভ্যালে মানিক দার সঙ্গে তিনিও ছিলেন। আমাদের খুব ভালো সময় কেটেছে। আজ তার কথা খুব মনে পড়ছে।