নওহাটায় দলীয় সমর্থন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মেয়র পদে নির্বাচন করতে হলে দলীয় প্রত্যায়নপত্র লাগবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় সমর্থন পেতে উঠেপড়ে লেগেছেন।
 
এদিকে পৗরসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার নওহাটা ফাজিল মাদ্রাসা মাঠে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। সভা থেকে তৃণমূল নেতাদের জনমত জরিপ করে মেয়র প্রার্থী নির্বাচন করবে পৌর আওয়ামী লীগ। সেটি জেলা কমিটির স্বাক্ষর নিয়ে কেন্দ্রে পাঠাবে।
 
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা পৌর এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন। নওহাটায় মেয়র পদে এবার আওয়ামী লীগ থেকে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় সিনিয়র নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। এরা হলেন, নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মুস্তাফিজুর রহমান মানজাল, নওহাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী খান, সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম আজাদ, সাবেক মেয়র আব্দুল গফুর সরকারের ছেলে রাবি ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আমজাদ হোসেনের ছেলে আফজাল হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা সেলিম সরদারের ছেলে এ এ এম বাপ্পী সরদার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হকের ছেলে সহিদুল হক।
 
অন্যদিকে বিএনপি থেকে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরা হলেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির এক পক্ষের সভাপত্বি মকবুল হোসেন ও পৌর বিএনপির অপর পক্ষের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া জামায়াত নেতা মশিউর রহমান এবং জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক সরকার এবং সতন্ত্র প্রার্থী কাওছার আলীর নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।